মাদারীপুরে পিটুনিতে একজন নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে মরিচ বিক্রেতার পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় হাটে এ ঘটনায় নিহত জাহাঙ্গীর খালাসী (৫০) উপজেলার শাখারপাড় গ্রামের জয়নাল খালাসীর ছেলে।
রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জাহাঙ্গীর খালাসি শংকরদীপাড় হাটে মরিচ কিনতে এসে মরিচে বেশি ঝাল হবে না বললে দোকানদার আনোয়ার শেখ মরিচ ভেঙ্গে জাহাঙ্গীর খালাসীর চোখে দেয়।
এনিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে আনোয়ার শেখ জাহাঙ্গীর খালাসিকে এলোপাথাড়ি মারধর করলে জাহাঙ্গীর খালাসি অচেতন হয়ে পড়েন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর আনোয়ার শেখ পালিয়ে যান।
মামলার প্রস্তুতি চলছে।
