২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফের জ্বালাও-পোড়াওয়ে সংগঠিত হচ্ছে জামায়াত’

আন্দোলনের নামে বিএনপির নেতৃত্বে জামায়াত-শিবির ফের জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন নাশকতার জন্য সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 08:20 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নূর বলেন, “আমরা একটি কঠিন সময় পার করছি। এই সরকারকে উৎখাতের জন্য দেশে-বিদেশে অনেক ষঢ়যন্ত্র হচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডনে বসে এই ষঢ়যন্ত্রের কলকাঠি নাড়ছে।”

আর তাই সুযোগ পেলে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উপড় চাপ প্রয়োগ করছে বলে মনে করেন তিনি।

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ করে নূর বলেন, খালেদা জিয়া বলেছেন দেশে আবারও আন্দোলন শুরু হবে।

“তার আন্দোলন মানে, আবারও মানুষ হত্যা, আবারও রাস্তা গাছ কাটাসহ বিভিন্ন স্থাপনা ধবংসের আন্দোলন। ওই মানুষ মারার রাজনীতিতে তার ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির আবারও সংগঠিত হচ্ছে।”

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিম প্রমুখ।