২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল শিক্ষক মেহেদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল শিক্ষক মেহেদী হাসান বাবুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 02:59 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মঞ্জুর দ্দোহা জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা রূপগঞ্জের কাঞ্চনে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক বসে অবরোধ করে রাখে।

এ সময় ভাংচুর করা হয় ৭/৮টি যানবাহন। এতে ওই সড়কে দুপুর ১২ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

মাদক সেবনে বাধা দেয়ার জের ধরে শুক্রবার খুন হন জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান বাবু।

এলকাবাসীর অভিযোগ, মাদকসেবী বাবুল মিয়া ও নয়ন মিয়াসহ তাদের সহযোগীরা পুলিশের উপস্থিতিতেই স্কুল শিক্ষক মেহেদী হাসান বাবুকে কুপিয়ে হত্যা করেছে। এর পর বিভিন্ন এলাকার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে তারা।

হত্যাকারীদের গ্রেপ্তার এবং পুলিশের উপস্থিতিতে হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামানের অপসারণ দাবি করেন তারা।

এদিকে এ  ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে ২৩ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।