গজারিয়ায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবর রহমান জোটনের নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মহাসড়ক অবরোধের পাশাপাশি থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পরে পুলিশের পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে আসামি ধরার প্রতিশ্রুতি দেয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
একারণে ওই মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে।
গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনে ভোটের দিন সকালে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের মাঝি কান্দি ও মধ্যের কান্দি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেফায়েতউল্লাহ খান তোতা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে উপজেলা ছাত্র লীগের আইন বিষযক সম্পদক মাহবুবর রহমান জোটনসহ (২২) ১৫ জন আহত হয়।
পরদিন সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনার প্রতিবাদে ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে জোটনের লাশ নিয়ে মহাসড়কের মধ্যপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।
এদিকে বুধবার ছাত্রলীগ নেতা জোটনের বাবা খোকন প্রধান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ। সহিংসতার কারণে উপজেলাটির ৪৫টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রের ভোট গ্রহন বাতিলও করা হয়।
অন্যদিকে ২৩ মার্চে ভোটের দিন প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর রামদায়ের কোপে ঘটনাস্থলে নিহত হন বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি ছামসুদ্দিন প্রধান (৫৫)। এছাড়া ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী বেগমও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জারিয়ায় নির্বাচনী সহিংসতা ও দায়িত্বে অবহেলার কারণে শুক্রবার সকালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গজারিয়া থানার ওসি মামুনুর রশীদকে প্রত্যাহার এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো হাবিবুর রহমানকে সাত দিনের ছুটিতে পাঠানো হয়।
