বদলি পরীক্ষা দিতে এসে আটক, ৩ জনের কারাদণ্ড
স্বাস্থ্য সহকারী পদে বদলি পরীক্ষা দেয়ার অভিযোগে গাইবান্ধায় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নকল করার অভিযোগে চারজনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল ইসলাম এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে সাদুল্লাপুর উপজেলার কেশালিডাঙ্গা গ্রামের সেলিম রানাকে ৭ দিন, উত্তরপাড়া গ্রামের শফিউল ইসলামকে ১৫ দিন ও সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের স্বপন কুমার সরকারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
নকলের অভিযোগে হামিদুল ইসলাম, মোবারক হোসেন, ফারহীনা ইয়াসমীন ও রোজিনা খাতুনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
গাইবান্ধার সিভিল সার্জন আহাদ আলী জানান, শুক্রবার জেলার ৮১টি স্বাস্থ্য সহকারিসহ বিভিন্ন শুন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মোট ছয়টি কেন্দ্রে পাঁচ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন।
সাজাপ্রাপ্ত সেলিম রানা, শফিউল ও স্বপন কুমার গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বদলি পরীক্ষা দিতে এসেছিলেন।
কক্ষ পরিদর্শক হাজিরা খাতায় প্রকৃত পরীক্ষার্থীর ছবির সঙ্গে ওই তিনজনের ছবির মিল না থাকায় তাদেরকে পুলিশে দেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এই সাজা দেন।
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, বিকালেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
