মাদক সেবনে বাধা দেয়ায় শিক্ষক খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় এক শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার এ ঘটনা নিয়ে কুলিয়াদী ও দিঘুলিয়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
হামলায় নিহত হন রূপগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান বাবু(৩০)। তিনি কুলিয়াদী এলাকার আমজাদ হোসেন ভূঁইয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুপুর ১২টার দিকে উপজেলার কুলিয়াদী এলাকার হলি হেভেন কিন্ডারগার্টেনে বসে মাদক সেবন করছিলেন পার্শ্ববর্তী দিঘুলিয়া এলাকার বাবুল মিয়া ও নয়ন মিয়াসহ আরো ৫/৬ জন।
কুলিয়াদী এলাকার লোকজন তাদেরকে বাধা দেয়। এই নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে কুলিয়াদী ও পাশ্ববর্তী দিঘুলিয়া এলাকার লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়।
এই ঘটনায় মাদক সেবনের প্রতিবাদ এবং সংঘর্ষ থামাতে গেলে মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে স্কুল শিক্ষক মেহেদী হাসান এবং জিয়াউর রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মেহেদী হাসানের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় জিয়াউর রহমান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এই ঘটনার জের ধরে কুলিয়াদী ও দিঘুলিয়া এলাকার বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
ওসি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
দাউদপুর ইউপি চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল জানান, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া, নয়ন মিয়া ও তাদের সহযোগীরা কুলিয়াদী এলাকায় এসে প্রকাশ্যে মাদক সেবন করে আসছেন। তাদের বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।
