২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জলসীমায় ১৫ ভারতীয় জেলে আটক

অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার সন্ধ্যায় আটকদের বাগেরহাটের মংলা থানায় সোপর্দ করেছে নৌবাহিনী। শনিবার তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মংলা থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহষ্পতিবার সকাল ১১টায় মংলা বন্দর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর একটি টহল জাহাজ ওই জেলেদের আটক করে।

এসময় ওই জেলেদের ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির ৭০ কেজি মাছ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নৌবাহিনীর পেটি অফিসার এম খলিল বাদী হয়ে মংলা থানায় আটক জেলেদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এম খলিলের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম আরো জানান, বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় এফবি প্রসেনজিত নামের একটি ট্রলারসহ এই ১৫ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

আটকরা হলেন দয়াল মন্ডল, সব্যসাচী ভূইয়া, কার্তিক দাস, রবীন হালদার, নিরঞ্জন দাস, শুভেন্দু দাস, গোপাল দাস, ছিদাম সরকার, প্রেমানন্দ দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, অমল দাস, বাচ্চু হালদার, রবি নাইয়া ও সমরেশ মুইন্দা।

এদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা ও হুগলি জেলার বিভিন্ন গ্রামে।