মালিকদের সমঝোতা: মহাখালী-টাঙ্গাইল বাস চলাচল শুরু
রুট পারমিটবিহীন বাস চালানো নিয়ে দ্বন্দ্বের জেরে দেড়দিন বন্ধ থাকার পর ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইলের সরাসরি বাস ও মিনিবাস চলাচল ফের চালু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহাখালী ও টাঙ্গাইল বাস মালিক সমিতির নেতাদের বৈঠকে মীমাংসা হওয়ার পর এই পথে বাস চলাচল শুরু হয় বলে মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উভয় পক্ষ সিদ্ধান্তে এসেছে, রুট পারমিটবিহীন বাস ও অবৈধভাবে কোনো গাড়ি এই রুটে আর চলাচল করবে না।“
বিভাগীয় কমিশনারের বাসভবনে বেলা সাড়ে ৩টা থেকে প্রায় আড়াই ঘন্টা এ বৈঠক হয় বলে আবুল কালাম জানান।
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস চান্দুরা এলাকায় পৌঁছালে সেখানে মহাখালী বাস টার্মিনালের শ্রমিক এবং নেতারা চালক ও তার সহকারীর কাছ থেকে টাকা কেড়ে নেয় এবং মারধর করে।
এর প্রতিবাদে সিরাজগঞ্জ থেকেও মহাখালীর সঙ্গে যোগাযোগ অনির্দিষ্টিকালের জন্য বন্ধ করে দেয়া হয়।
সপ্তাহ দুয়েক আগে ঝিনাইগাতী থেকে রুট পারমিটহীন একটি বাস মহাখালীতে পৌঁছানোর পর বাস টার্মিনালে সেটিকে আটকে রাখা হয়। বাসটির মালিক ছিলেন টাঙ্গাইলের।
এর জেরে মহাখালী থেকে ছেড়ে যাওয়া ঢাকা-বগুড়া রুটের একটি বাস এলেঙ্গায় আটক করে টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয় পরদিন।
সেখানে যাত্রীদের নামিয়ে চালক ও সহকারীদের মারধর করা হয় বলে অভিযোগ করেন আবুল কালাম।
পাল্টাপাল্টি এই ঘটনায় ঢাকাতেও টাঙ্গাইলের বেশ কয়েকটি বাস আটকে রাখে একপক্ষ।
ফলে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এবং মহাখালীর মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
