২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে’

বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 08:11 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার বিকালে কুড়িগ্রামে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ এর এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সুলতানা কামাল বলেন, রুখে দাঁড়াও বাংলাদেশ একটি বিশাল প্লাটফরম। সেই অর্থে এটি কোনো সংগঠন নয়। যেকোনো সহিংস আচরণের বিরোধিতা করাই মূল কাজ।

তারা ৫টি বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং জনমত গঠনে কাজ করছেন বলে জানান তিনি।

সেগুলো হলো- জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, নারীর অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সে ব্যাপারে কাজ করা, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলা এবং কোনো রকম সহিংস রাজনীতি এ দেশে যাতে প্রতিষ্ঠা পেতে না পারে সে ব্যাপারে কাজ করা।

“আমরা যত বেশি জনমত গঠন করতে পারব, বাংলাদেশ তত দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে,” বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে, কারণ এটি একটি জঙ্গি সংগঠন। একাত্তরে তা প্রমাণিত সত্য। বাংলাদেশের জন্মের বিরুদ্ধেও কাজ করেছে এরা। এরা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে শুধু দালালী নয়; নিজেরা স্ব-উদ্যোগে বিভিন্ন সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এদেশের মানুষকে হত্যা করেছে।

আজকে যদি সভ্য পৃথিবী নাৎসী বাহিনীর অবমুক্তির জন্য মায়াকান্না না কাঁদে, তাহলে জামায়াতের জন্য মায়া কান্না করাও কারোরই উচিৎ নয়।

কয়েকদফায় চলমান উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা প্রত্যেককেই হতাশ হয়েছি, প্রশ্ন রেখেছি।

বর্তমান নির্বাচন কমিশনের যথেষ্ঠ ক্ষমতা রয়েছে। তারা আইনানুগ পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু নির্বাচন কমিশন তা করেনি। তাদের সেটা উচিৎ ছিল বলে আমরা আমরা মনে করি।

বিকাল সাড়ে ৫টায় কুড়িগ্রাম টাউন হলে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ কুড়িগ্রাম শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ এমএম আকাশ, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল খালেক চাঁদ, নুর মোহাম্মদ আনসার প্রমুখ।