যশোরে বার্ড ফ্লু, ৭ হাজার মুরগি নিধন
যশোরের সরকারি মুরগি খামারের এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত প্রায় সাত হাজার মুরগি নিধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, গত সোমবার (২৪ মার্চ) বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে খামারের ৩/৪টি মুরগি মারা যায়। বিষয়টি জানতে পেরে প্রাণিসম্পদ কর্মকর্তারা যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।
এরপর খামারের মুরগি, ডিম, খাবার ও ভিটামিন পরীক্ষা করা হয় এবং অধিকতর পরীক্ষার জন্য কয়েকটি মরা মুরগির নমুনা ঢাকার মহাখালীতে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে (সিডিআইএল) পাঠানো হয়।
বুধবার (২৬ মার্চ) ঢাকা থেকে পজিটিভ রিপোর্ট আসে।
ফাইল ছবি
বৃহস্পতিবার রাতে ডা. মেহেদি হাসান, ডা. সমর ঘোষ এবং প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে খামারে থাকা ৬ হাজার ৮৬৮টি মুরগি, এক হাজার ৮৮২টি মুরগির ডিম, ১৩ শ কেজি মুরগির খাবার এবং ১৯ কেজি ভিটামিন ধ্বংস করা হয়।
এগুলোর আনুমানিক মূল্য ৩৮ লাখ ৩৫ হাজার ৭৪৭ টাকা বলে জানান তিনি।
আব্দুর রাজ্জাক আরো জানান, রাতে পেট্রোল ঢেলে সেগুলো পোড়ানোর পর মাটিচাপা দেয়া হয়।
বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে পোল্ট্রি রোগ বিশেষজ্ঞ ডা. মেহেদি হাসানকে।
মুরগি নিধনের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি কেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আমাদের কাছে সেই সময় ছিল না।”
