২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা নেই: ইবনে সিনা

ইসলামী ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডাদের গড়ে তোলা ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 12:34 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের সঙ্গে ইসলামী ব্যাংকের সংশ্লিষ্টতা রয়েছে বলে এই প্রতিষ্ঠানটি বর্জনের আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ।

সেই সঙ্গে ‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান’ হিসেবে ইবনে সিনাকে বর্জনের ডাকও এসেছে শাহবাগের আন্দোলন থেকে, যাদের তৈরি ওষুধ বুধবার ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দেয়া হয়।

ওই বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবনে সিনা জামায়াত সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে।

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’র কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের উপব্যবস্থাপক  সাইয়েদ আমিনুল ইহসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ কোম্পানি প্রতিষ্ঠা, পরিচালনা বা অন্য কোনোভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ, পরোক্ষ বা দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই।”

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের মালিক হচ্ছেন এর প্রায় সাড়ে ১২ হাজার শেয়ার হোল্ডার। যাদের মধ্যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব পেশার মানুষ রয়েছেন।

প্যারেড মাঠে খাবারের বাক্সে ইবনে সিনার ওষুধ