২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা: ডেভিড বার্গম্যানের বিষয়ে শুনানি ফের ৩১ মার্চ

আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক ডেভিড বার্গম্যানের দাখিল করা ব্যাখ্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তী শুনানি হবে আগামী ৩১ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই দিন ধার‌্য করে দেয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে ব্লগে ‘আপত্তিকর মন্তব্য’ করায় বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনা হয়। এরপর বিচারকের নির্দেশে গত ১৮ মার্চ অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা দাখিল করেন তিনি।

বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির তারিখ থাকলেও অভিযোগ দাখিলকারী আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী মিজান সাঈদ সময়ের আবেদন করেন। এই পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ৩১ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করে দেয় ট্রাইব্যুনাল।

ডেভিড বার্গম্যান, তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন ও তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন হাই কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

পরদিন এ বিষয়ে শুনানিতে জানানো হয়, ডেভিড বার্গম্যান তার নিজের ব্লগে গত বছরের ২৮ জানুয়ারি ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি’ এবং ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২, ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন’ শীর্ষক লেখা প্রকাশ করেন।

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে এসব লেখায় যেসব মন্তব্য করা হয়েছে, তাতে ট্রাইব্যুনালের মর্যাদাহানী হয়েছে বলে অভিযোগ করেছেন আবেদনকারী।

অভিযোগে বলা হয়, ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই সেই রায় নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিচারাধীন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেছেন তার লেখায়। এসব মন্তব্য বিচারিক আদালতের জন্য হুমকিস্বরূপ এবং জনস্বার্থবিরোধী। একইসঙ্গে এসব মন্তব্য রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং জাতীয় অনুভূতিকে আহত করেছে।

ডেভিড বার্গম্যানের ব্লগে দেলাওয়ার হুসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার সমালোচনা করে লেখালেখির জন্য বিচারপ্রার্থী আন্দোলনের কর্মীদের কাছে সমালোচিত বার্গম্যান।

এর আগে ২০১১ সালে ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ এ মতামত কলামে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ডেভিড বার্গম্যানকে কঠোর ভাষায় সতর্ক করেছিল ট্রাইব্যুনাল।

সে সময় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল শুধুমাত্র ‘ভাবমূর্তির বিবেচনায়’ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে আইনজীবী সারা হোসেনের স্বামী।