চট্টগ্রামে পানি বিক্রির তিন কারখানাকে দণ্ড
সনদ ছাড়াই বোতলজাত পানি বিক্রি করায় বন্দর নগরী চট্টগ্রামের তিনটি কারখানাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ নেতৃত্বে চালানো এ অভিযানে এসব কারখানার দুটি বন্ধ করে দেয়া হয়।
বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক শওকত ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ মান চিহ্ন ব্যবহার করে বোতলজাত পানি বিক্রি করায় কারখানা তিনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
যে তিনটি কারখানাকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- নগরীর পাহাড়তলি সিডিএ মার্কেট এলাকার সিদ্দিকুর রহমানের মালিকানাধীন ওয়েসিস ড্রিংকিং ওয়াটার, সাগরিকার নজরুল ইসলামের মালিকানাধীন তানহা এন্টারপ্রাইজ এবং উত্তর হালিশহরের ওয়াসিমের মালিকানাধীন ডিউ ড্রপ ড্রিংকিং ওয়াটার।
প্রত্যেকটি কারখানাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওয়েসিস ড্রিংকিং ওয়াটার ও তানহা এন্টারপ্রাইজ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
১৯৮৫ সালের বিএসটিআই অর্ডিন্যান্স এবং সংশোধিত আইন ২০০৩ অনুসারে কারখানা তিনটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
