সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জেরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫) উপজেলার হাট ঘোরজান গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে। বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
পরিবারের বরাত দিয়ে চৌহালী থানার ওসি শামসুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাট ঘোরজান চরের আব্দুস সালামের লোকজন পাশ্ববর্তী কেরামত মীরের ছেলে আকবার আলীকে (৪০) পিটিয়ে হত্যা করে।
“এর জেরে মোহাম্মদ আলী জিন্নাহকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যমুনা নদীর পাড়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে প্রতিপক্ষ।”
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানা থেকে লাশ উদ্ধারের জন্য দুর্গম ওই চরাঞ্চলে পুলিশ পাঠানো হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
