২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করফাঁকির মামলায় মহিউদ্দিনের স্থায়ী জামিন

তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজস্ব বোর্ডের করা একটি কর ফাঁকির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চট্টগ্রামের তখনকার মেয়র মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান বৃহস্পতিবার এ আদেশ দেন।

আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন তিনি।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, “মহিউদ্দিন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছেন।”

আয়কর ফাঁকির এ মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য ২০০৯ সালের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপির কাছে চিঠি পাঠানো হয়। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় তা প্রত্যাহার করা সম্ভব হয়নি বলে জানান মেজবাহ।

মহিউদ্দিনের আইনজীবী রনি কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের ১৪ অগাস্ট উচ্চ আদালতের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে তারা ২০১২ সালের ডিসেম্বরে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি জামিনও বাতিল করে।

“তাই আজ মহিউদ্দিন চৌধুরী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। স্থায়ী জামিন পাওয়ায় তিনি পরবর্তী শুনানিতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন।”

পিপি মেজবাহ উদ্দিন বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্তের বিষয়টি পিটিশন আকারে আদালতকে জানানো হয়েছে। পরবর্তী শুনানির দিন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০০৮ সালের ৭ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন আয়কর বিভাগের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৪-০৫ অর্থ বছর থেকে ২০০৬-০৭ অর্থ বছরে মহিউদ্দিন মোট এক কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকার আয় গোপন করেন। এতে আয়কর বিভাগ মোট ২৭ লাখ ৫৮ হাজার সাত টাকা আয়কর বঞ্চিত হয়।