২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হন ওই নারীর স্বামীসহ পরিবারের তিন সদস্য।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

আহতরা হলেন আব্দুর রাজ্জাক (৪৫), রাজ্জাকের বড় ভাই আবুল হোসেন (৫৫) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪৬)। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহত আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বসতভিটার তিন শতাংশ জমি নিয়ে প্রতিবেশী জালাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।

এর জেরে বেলা সাড়ে ১২টার দিকে জালাল উদ্দিন ও তার ছোট ভাই মাহাবুব আলমের নেতৃত্বে প্রায় অর্ধশত ভাড়াটিয়া সন্ত্রাসী আকস্মিকভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারপিট শুরু করে।

হামলাকারীরা বিউটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা হামলা ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহতের শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।