২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সাক্ষাত পেলেন মানিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেলেন কক্সবাজারের সাবেক ছাত্রনেতা সাইফ উদ্দিন আহমদ মানিক, কবি মানিক বৈরাগী নাম যিনি স্থানীয়ভাবে পরিচিত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 11:19 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি স্ত্রীসহ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি আধঘণ্টার মতো ছিলেন।

এক সময় মানিক বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তার উপর চালানো পুলিশী নির্যাতন, কারাবরণের ঘটনা, পুলিশের নির্যাতনে কোমর ভেঙে যাওয়ার বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

মানিক তার প্রকাশিত কবিতাগ্রন্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা শুনে তার চিকিৎসার সকল প্রকার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। একই সঙ্গে মানিকের স্ত্রীর চাকরির জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী ওই সময় সাইফ উদ্দিন আহমদ মানিক ও তার স্ত্রী জায়নুল বেগম শাহীনের বায়োডাটা, চিকিৎসাপত্রের সকল কাগজপত্র নেন।

ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বিশেষ সহকারী সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর, কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা রিয়াজ মোর্শেদ, মানিকের স্ত্রী জায়নুল বেগম শাহীন উপস্থিত ছিলেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইফ উদ্দিন আহমদ মানিক নব্বইয়ের স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের নির্যাতিত এবং ওই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে রগ কাটার শিকার হন।

কক্সবাজার জেলা ছাত্রলীগের গত জেলা কমিটির সিনিয়র সদস্য সাইফুদ্দিন মানিক বিভিন্ন সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, চকরিয়া কলেজ ও লক্ষ্যাচর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি মানিক বৈরাগী নামে কবি, গল্প, প্রবন্ধ লেখেন। ইতিমধ্যে তার একটি কবিতা গ্রন্থও প্রকাশিত হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে আসলে প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীক অনশন করেন সাইফ উদ্দিন আহমদ মানিক।

টানা ১৮ ঘণ্টা অনশন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি পান তিনি।