কালরাতে ডাক আলোর বাংলাদেশ গড়ার
আলোর বাংলাদেশ গড়ার ডাকে কালরাত স্মরণ করছে একাত্তরের ২৫ মার্চ রাতে প্রথম আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়।
মুক্তিযুদ্ধের জীবন্ত জাদুঘর নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছে মঙ্গলবার।
রাত ৮টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশ শুরু হয় শহীদ মিনারে। সমাবেশের পর সেখান থেকে আলোর মিছিল যায় জগন্নাথ হলের গণকবরে। মোমবাতি হাতে মিছিলে অংশ নেয়া শত শত মানুষ গণকবরের বেদিতে মোমবাতি জ্বালিয়ে দেয়।
শহীদ মিনারের সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার পাশাপাশি মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আশাও প্রকাশ করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “এখন আমরা আবার মুক্তিযুদ্ধের পথে ফিরতি যাত্রা শুরু করেছি। এই লড়াইয়ে হয় মুক্তি, নয় মৃত্যু।”
মুক্তিযুদ্ধকালীন এস ফোর্সের প্রধান কেএম সফিউল্লাহও সমাবেশে বক্তব্য রাখেন।
বরাবরের মতো ব্যতিক্রমী আয়োজনে এবার কালরাত স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। হলের উত্তর ফটক থেকে দক্ষিণ ফটক পর্যন্ত রাস্তাজুড়ে আঁকা হয় রাজাকারদের দানবাকৃতির ছবি, যাকে পদদলিত করে এগিয়ে যায় আলোর মিছিল।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হলের বিভিন্ন স্থানে গুলিতে রক্তাক্ত মানুষের প্রতীকী লাশ স্থাপন কর হয়, যা আলো আঁধারিতে যে কোনো দর্শনার্থীকে নিয়ে যায় একাত্তরের আবহে।
সন্ধ্যা ৭টা থেকেই গণকবরের পাশে স্থাপন করা মঞ্চে জাগরণের গান পরিবেশন শুরু হয়, রাত ১১টার দিকে জ্বালানো হয় হলজুড়ে স্থাপিত মশাল।
রাত ১১টা ৫৯ মিনিটে গণসমাধিতে আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ১১টা ৫৯ মিনিটে আলো নিভিয়ে ১২টায় আলো জ্বালিয়ে কালো রাত স্মরণের কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডার্স ফোরামের।
কেন্দ্রীয়ভাবে শিখা চিরন্তনে এই কর্মসূচি পালনের পাশাপাশি দেশব্যাপী এই কর্মসূচি পালন করে এই সংগঠনটি।
একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এ বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আয়শা বেগমের মতে, ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর আক্রমণে ৮ শিক্ষক প্রাণ হারান।
মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট কতজন শহীদ হয়েছেন, তার পুরো হিসাব অজানা। বিশ্ববিদ্যালয়ের শহীদদের বিভিন্ন নামফলকে ১০২ জন শিক্ষার্থী, ২৮ জন কর্মচারীর নাম দেখা যায়।
২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্তরতা রুখে দাঁড়াতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল বাঙালি, আর নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।
