র্যাবের ১০ বছর
সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১০ বছর পূর্তি হচ্ছে বুধবার।
পুলিশের অধীন এই বাহিনীটি ২০০৪ সালে গঠিত হয়, যাতে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী, উপকূল রক্ষী বাহিনী ও আনসার সদস্যদেরও যুক্ত করা হয়।
১০ বছর পূর্তি উপলক্ষে র্যাব তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে যাত্রা শুরুর পর থেকে বাহিনীর সাফল্যের কথাও জানানো হয়।
গত ১০ বছরে ১০৯৩ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ৮ হাজার ৮৭ জনকে।
সন্ত্রাস দমনে সাফল্য দেখালেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য মানবাধিকার সংগঠনগুলোর কাছে শুরু থেকেই সমালোচিত র্যাব।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত র্যাবের হাতে নিহত হয়েছে ৭৮৪ জন।
