নূরের গাড়িবহরে হামলায় আরেকজন গ্রেপ্তার
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলাসহ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যায় জড়িত অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারী সদর থানার এসআই ও ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিকালে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
গত বছরের ১৪ ডিসেম্বর তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী সদররের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ী ইউনিয়নে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে যান।
পরিদর্শন শেষে ফেরার পথে রামগঞ্জ বাজারে এলে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা তার উপড় হামলা চালায়। এ সময় চার আওয়ামী লীগ নেতাকর্মী ও এক পথচারী নিহত হন।
এ ঘটনায় পুলিশের পক্ষে সদর থানার ওসি (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ১৪ জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরো দেড় হাজার জনের নামে মামলা করেন।
এসআই মোস্তাফিজুর জানান, এ মামলায় এ পর্যন্ত পুলিশ ৫১ জনকে গ্রেপ্তার করেছে।
