খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সচিবের বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র সচিব পল রবিলিয়ার্ড।
মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার গুলশানের বাসায় ৪৫ মিনিট এই বৈঠক হয়।
বৈঠকের পর বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
"বিএনপি চেয়ারপারসন বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তা থেকে উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন।"
তবে সফররত সহকারী পররাষ্ট্র সচিব বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।
বৈঠকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠকে অস্ট্রেলিয়ার সচিবের সঙ্গে ছিলেন দেশটির হাইকমিশনার গ্রেগ উইলকক।
