২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম টাকায় হজে যাওয়ার প্রলোভন থেকে সাবধান করলো হাব

প্রলোভনে পড়ে সরকার নির্ধারিত প্যাকেজ মূল্যের চেয়ে কম টাকায় হজে যাওয়ার উদ্যোগ নিয়ে প্রতারিত হলে তার দায় নেবে না হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি ইব্রাহিম বাহার বলেন, "প্রায়ই দেখা যায় কিছু অসাধু ব্যক্তি হাব নির্ধারিত হজ প্যাকেজ মুল্যের তুলনায় কম টাকায় মানুষকে হজে নিয়ে যাবে বলে ‘প্রলোভন’ দেখায়।

"এতে সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। এই সব মানুষদের মাধ্যমে হজে গেলে কিংবা যেতে চাইলে ‘হাব’ তাদের কোনো দায়িত্ব নিতে পারবে না।”

চলতি বছর দুটি ‘প্যাকেজের’ আওতায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় ১০ হাজার মুসলমানকে হজে যাওয়ার সুযোগ দেবে বাংলাদেশ সরকার।

আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে সর্বনিম্ন ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা,যার সুযোগ পাবেন ৯১ হাজার ৭৫৮ জন।

সব মিলিয়ে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন এ বছর হজ করতে পারবেন।

আগামী ২৭ থেকে ৩০ মার্চ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সপ্তম হজ ও ওমরাহ ফেয়ার-২০১৪’ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করে ‘হাব’।

এ প্রসঙ্গে ইব্রাহিম বাহার বলেন, “আমরা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা দিতেই এই মেলার আয়োজন করেছি।

হাব সভাপতি জানান, মেলায় হজে যেতে ইচ্ছুক মুসলমানদের বিভিন্ন ভিডিওচিত্র, লিফলেটের মাধ্যমে হজ ও ওমরাহ বিষয়ক প্রশিক্ষণ দেয়াও হবে।

মেলায় হজে যাবার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কেও মেলায় অংশগ্রহণকারীদের ধারণা দেয়া হবে।

আগামী ৩০মে'র মধ্যে হজ নির্ধারিত ফি এজেন্সি অনুমোদিত ব্যংকে জমা দিতে হবে বলে জানান হাব সভাপতি ইব্রাহিম বাহার।

সভাপতি ইব্রাহিম বাহার ছাড়াও সংবাদ সম্মেলনে হাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।