২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা মামলায় জাবির আইন কর্মকর্তার সাক্ষ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (আইন) মাহতাব-উজ-জাহিদ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

তবে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম জানান, পরবর্তী সাক্ষী হিসেবে কে আসবেন তা  নির্ধারণ করা হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর রসায়ন বিভাগের অধ্যাপক আরজু মিয়া এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

আলোচিত এ মামলায় এপর্যন্ত ১৬ জনের সাক্ষ্য নেয়া  হলো।

গত ৫ মার্চ পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী এবং ৯ মার্চ ড. এসএম বদিয়ার রহমান সাক্ষ্য দেন।

গত ২৩ ফেব্রুয়ারি আসামির কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরামের অনুপস্থিতিতেই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।

আসামি রাশেদুল ইসলাম রাজু ও জাহিদ হাসান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বাকি ৭ আসামি আদালতে হাজির ছিলেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুবায়ের।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক (ডেপুটি রেজিস্ট্রার) হামিদুর রহমান আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আশুলিয়া থানার উপপরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ ওই বছরের ৮ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর গত বছরের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আসামিরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ, জাহিদ হাসান, ইসতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুন্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ।

আসামিদের মধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু ২০১২ সালের ১৫ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।