২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে ভেঙে গেছে প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয় ঝড়ে ভেঙে পড়ায় ছাত্র-ছাত্রীরা ক্লাশ করছে খোলা জায়গায়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ গত রোববার ঝড়ে ভেঙে যায়। দাঁড়িয়ে আছে শুধু শিক্ষকদের বসার কক্ষটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন আলী জানান, বর্তমানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর‌্যন্ত ছাত্রছাত্রী ২৩১ জন। তিনিসহ শিক্ষক চার জন।

এই বিদ্যালয়ের পাঠদান কক্ষসহ প্রয়োজনীয় ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। তার উপর রোববার কালবৈশাখি ঝড়ে শ্রেণিকক্ষ দুটি ভেঙে যায়।

এ ব্যাপারে সহকারী জেলা শিক্ষা অফিসার গোলাম নবী জানান, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি এখনও তাদেরকে অবহিত করেনি। তারা অবহিত করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিবনারায়ণপুর গ্রামে শিশুদের লেখাপড়ার কথা চিন্তা ১৯৯১ সালে কয়েকজন শিক্ষানুরাগীর উদ্যোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বাঁশের বেড়া আর টিনের চালা দিয়ে তৈরি করা হয় শ্রেণিকক্ষ।

এরপর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ২২ বছর পর ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। কিন্তু কোনো পাকা ভবন নির্মাণ করা হয়নি।