২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রহণযোগ্যতাই অহংকার’ ভারতের ইসির

দল-মত নির্বিশেষে সবাই ভারতের নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল বলে দাবি করেছেন ঢাকায় সফররত দেশটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস ওয়াই কুরাইশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 01:23 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সন্ধ্যায় ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনকে নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি বলেন, “গ্রহণযোগ্যতাই আমাদের অহংকার। নিরপেক্ষতার বিষয়ে কোনো আপস নয়।”

আচরণবিধি প্রয়োগের কথা তুলে ধরে দেশটির ১৭তম সিইসি বলেন, “সবাই আমাদের বিশ্বাস করে। সব রাজনৈতিক দল, ভোটারের আস্থা রয়েছে আমাদের প্রতি। আমরা কারো প্রতি বৈষম্যমূলক আচরণ বা পক্ষপাতিত্বও করি না।”

ক্ষমতাসীন দল অপছন্দ করলেও সব সময় বিরোধী দলে যারা আসেন তাদের পছন্দের তালিকায় ভারতীয় নির্বাচন কমিশন থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “কেউ যেন বাড়তি সুযোগ সুবিধা নিতে না পারে সে ব্যবস্থাই আমরা করি। তফসিল ঘোষণা থেকে ফল ঘোষণা পর্যন্ত সব সময় তা অনুসরণ করা হয়।”

ভোটের সময় নির্বাচন কমিশনই অন্তর্বর্তী সরকারের সব ক্ষমতা প্রয়োগ করে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুরাইশি বলেন, “নির্বাচন কমিশনই তখন ইনটেরিম গর্ভনমেন্ট। ইসির অনুমোদন ছাড়া মন্ত্রিসভা নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্তও নিতে পারে না।”

এ বিষয়ে নিজ দেশের জনগণ ও ভোটারদের অনুভূতি তুলে ধরতে গিয়ে মহারাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, “সব সময় ইসিরাজ ক্ষমতায় থাকলেই ভালো- এমন বলে মহারাষ্ট্রের মানুষ।"

'ওয়ার্কশপ অন ইন্ডিয়ান জেনারেল ইলেকশন ফর সিক্সটিনথ লোকসভা’ শীর্ষক এ কর্মশালায় বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এস ওয়াই কুরাইশি জানান, সহিংসতা এড়াতে ও ভারতের জীবন বৈচিত্র্যের সঙ্গে সমন্বয় রেখে ধাপে ধাপে ভোট করা হয় ।

তাদের অভিজ্ঞতা তুলে ধরে কোরাইশি জানান, ভোটে সেনাবাহিনী ব্যবহার করা হয় না। তবে প্যারা মিলিটারি, নিরাপত্তারক্ষীসহ অন্যান্য বাহিনী ব্যবহার করা হয়।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এ আলোচনার আয়োজক ছিল আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রতী।

এর আগে সফররত ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

দুপুর ১২টা দিকে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে নির্বাচনসহ ইসির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।