২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার দুই সাক্ষীকে গুলি, একজনের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি হত্যা মামলার দুই সাক্ষীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:41 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার বিকালে দক্ষিণ পাইকশা গ্রামে এ ঘটনায় মারা যান হানিফ মিয়া (২৩)। তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গুরুতর আহত সোহেল রায়হানকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল ঢাকার ধোলাইখাল এলাকার পিকআপ চালক মনির হোসেনের ছেলে।

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেলকে প্রথমে উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে স্বজনরা এসে তাকে ঢাকায় নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন সোহেল জানান, পোস্তগোলার কিলার হাফেজ ও জানু তাদেরকে গুলি করেছে।

সোহেল ও হানিফ যাত্রাবাড়ীর মুন্সীরটেকের রাজীব হত্যা মামলার সাক্ষী। রাজীব দেড় মাস আগে খুন হয়। পুলিশ ধারণা করছে নিহত হানিফ, গুলিবিদ্ধ সোহেল এবং  হাফেজ ও জানু একই গ্রুপের সদস্য।

ওসি শেখ মাহবুবুর আরো জানান, ঢাকার দয়াগঞ্জ মীরহাজিরবাগ থেকে তিনটি মোটরসাইকেলে হতাহত এ দুজনসহ সাতজন এখানে আসে। বিকাল সাড়ে ৫টায় এ দুজনকে খুব কাছে থেকে মাথায় গুলি করা হয়।

গুলির শব্দ এবং আর্তনাদ শুনে আশপাশের লোকজন আসার আগেই বাকি পাঁচজন তিন মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

ওসি জানান, লোকজন গিয়ে রাস্তার পাশে হানিফের নিথর রক্তাক্ত দেহ দেখতে পায়। এর একটু দূরে ধানক্ষেতে পড়েছিলেন গুলিবিদ্ধ সোহেল।

পুলিশের ধারণা, সোহেল গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে যাবার সময় ধান ক্ষেতে পড়ে যায়।

সোহেলের স্ত্রী রহিমা বেগম জানান, বেলা ১২টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে বন্ধুরা তাকে এখানে নিয়ে আসে। এর চেয়ে বেশি কিছু তার জানা নেই।

সোহেলের বাবা মনির হোসেন জানান, লেদ মিস্ত্রীর কাজ ছাড়াও সোহেল দোকানে দোকানে মিল্কভিটার দুধ বিক্রিও করে।

মনির হোসেন বলেন, সোহেলকে কেন গুলি করা হয়েছে তার কিছু্‌ই তিনি জানেন না। নিহত হানিফ সর্ম্পকেও তিনি কিছু জানাতে পারেননি।