২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের বিশেষ দূতের সাক্ষাৎ

সফররত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ দূত জিম বোলগার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের পর এবিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। তিনি বলেন, সাক্ষাতকালে মানব উন্নয়ন এবং এমডিজি গোল অর্জনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন জিম বোলগার।

বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও ধারাবাহিকতাকে বিস্ময়কর অর্জন হিসাবে আখ্যায়িত করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বের জন্যই বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপর ধরে রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

শাকিল বলেন, “জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ এই কৃতিত্বের অংশীদার। বাংলাদেশের প্রতিটি নাগরিক কঠোর পরিশ্রম করে দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন।” বাংলাদেশে ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আব্দুস সোবহান শিকদার।