নওগাঁয় গ্রামীণ ব্যাংকে চুরির চেষ্টা
নওগাঁয় দেয়াল ভেঙে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা হয়েছে।
তবে দুর্বৃত্তরা ব্যাংকের কোনো অর্থ বা সম্পদ চুরি করতে পারেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রামীণ ব্যাংক বড়গাছা শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কচুয়া গ্রামে অবস্থিত ব্যাংকটির ভবনের পেছনের দেয়াল থেকে ইট খুলে ও মাটি খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা চালায় দুবৃর্ত্তরা। কিন্তু ব্যাংকের মেঝেতে সিমেন্টের ঢালাই থাকায় ঢুকতে পারেনি।
তিনি বলেন, পরদিন বিষয়টি টের পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তা থানায় লিখিতভাবে জানানো হয়।
রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
