পিছিয়ে পড়া শিশুদের জন্য মেলা
পিছিয়ে পড়া শিশুদের অংশগ্রহণে দিনাজপুর শহরে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী এক ব্যতিক্রমী শিশুমেলা।
দিনাজপুর শহরের কেরি মেমোরিয়াল হাইস্কুল মাঠে এ মেলা রোববার শুরু হয়ে শেষ হয় সোমবার।
রোববার সকালে বেলুন উড়িয়ে শিশু মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক।
মেলায় সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য ছিল জাদু প্রদর্শনী, নাগরদোলা, পুতুল নাচসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন।
এছাড়াও ছিল শিশুদের শিক্ষণীয় অনেক বিষয়ের উপর প্রদর্শনী। মেলায় বিভিন্ন এনজিও ও স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পনেরোটি স্টলও ছিল।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের দিনাজপুর আঞ্চল উন্নয়ন কর্মসূচি ও ঝুঁকিপূর্ণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে আরো ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর বিভাগীয় পরিচালক গ্লোরিয়াস গ্রেগরি দাস, প্রকল্প ব্যবস্থাপক পরিমল হেমরম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসতুরা খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, শিশু ফোরামের দলনেতা প্রতাপ প্রমুখ।
মেলায় সমাজের পিছিয়ে পড়া বিপুল সংখ্যক শিশু ও মায়েদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
