সবাই না এলে আগাম নির্বাচন অর্থহীন: ইইউ
সব দল অংশ না নিলে বাংলাদেশে আগাম নির্বাচন অনুষ্ঠানের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে ইউরোপীয় পার্লামেন্ট।
ইউরোপীয় পার্লামেন্টের সফররত চার সদস্যের প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট আগের অবস্থানেই রয়েছে।
বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে দিয়ে ওই নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাকি আসনগুলোতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাধান্য থাকে।
ওই নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়।
প্রস্তাবে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্বশীল পন্থায় নিজেদের মত প্রকাশের সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়।
ল্যামবার্ট বলেন, “বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি দরকার, যেখানে জনগণের কথা শোনা হবে।”
সংলাপ প্রসঙ্গে ইউরোপীয় ফ্রি অ্যালায়েন্সের এই নেতা বলেন, “সব বৈধ দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার টেবিলে আনা উচিৎ।
“তবে আমাদের মতামত হচ্ছে, সর্বশেষ নির্বাচনের মতো হলে আগাম নির্বাচনের প্রয়োজন নেই।”
গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি এই প্রতিনিধি দলে রয়েছেন।
সফরে প্রতিনিধি দল সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিক নিরাপত্তা ও তাদের অধিকারের বিষয় নিয়ে আলোচনা করবে।
এছাড়া নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিসহ সামাজিক-অথনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি।
তবে ঢাকায় ইউরেোপিয়ান ইউনিয়নের প্রধান উইলিয়াম হানা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিনিধি দলের আলোচনা কথা বললেও সংসদে বিরোধী দল জাতীয় পার্টি নেতা রওশন এরশাদের সঙ্গে তাদের সাক্ষাতের সূচি নেই।
আগামী মে মাসে নতুন নির্বাচনের পরও বরাবরের মতো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইউরোপিয়ান পার্লামেন্টের নজর থাকবে বলে জানান ল্যামবার্ট।
তিনি বলেন, “এখন দলগুলোকে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারে যারাই থাকুক এবং বিরোধী দলের আকার যেমনই হোক, সবক্ষেত্রেই জবাবদিহিতার বিষয়টি গুরুত্বপূর্ণ।”
তিনি বিচার ‘বহির্ভূত হত্যাকাণ্ড’ এবং গুমের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
“নির্বাচনের পর বাংলাদেশের জনগণ ভালো কিছুরই প্রত্যাশা করছে। তাহলে কেন এ ধরনের ঘটনা বাড়বে?” প্রশ্ন রাখেন তিনি।
রাজনীতিকদের সঙ্গে আলোচনায় এ বিষয়টি তারা জানতে চাইবেন বলে জানান প্রতিনিধি দলের নেতা।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে পরববর্তীতে সফরে আসা প্রতিনিধি দল জানার চেষ্টা করবে বলে জানান তিনি।
জানুয়ারির নির্বাচনের পর ইউরোপিয়ান পার্লামেন্ট বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়েছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে এ ব্যাপারে তার নেয়া পদক্ষেপগুলো জানার চেষ্টা থাকবে, বলেন ল্যামবার্ট।
তিনি বলেন, রানা প্লাজা ধসের পর ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বেড়েছে। তাদের নির্বাচনী প্রচারে অনেক উন্নয়ন এবং বাণিজ্য সংগঠন রানা প্লাজা ঘটনার পর বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে।
এ খাতের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাতে এখানকার কারখানার কাজের পরিবেশ উন্নত এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নেয়া বিভিন্ন পদক্ষেপগুলো মূল্যায়ন করার চেষ্টা করা হবে।
