চট্টগ্রামে বেতনের দাবিতে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ
বকেয়া বেতন না পেয়ে চট্টগ্রামে রাস্তা অঅটকে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, সোমবার লিডিং ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার কথা ছিল।
তবে সকালে কারখানা বন্ধ দেখে কারখানার প্রায় সাড়ে ৩০০ শ্রমিক অলঙ্কার মোড়ে বিক্ষোভ শুরু করেন। সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সাড়ে ৮টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শ্রমিকদের বরাত দিয়ে তিনি জানান, গত মাসেও মালিকপক্ষ বেতন দিতে দেরি করেছিল। এ মাসেও বেতন দিতে দেরি করায় কিছু দিন ধরেই শ্রমিকরা বিক্ষুব্ধ ছিলেন।
সোমবার তাদের বেতন দেয়ার কথা থাকলেও রোববার রাতেই মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে দেয়।
কারখানার মালিক মিলন কান্তি ধরকে পুলিশ খুঁজছে বলে জানান পুলিশ কর্মকর্তা আরিফ।
