আন্দোলনে যোগ দিলেন বাংলা বিভাগের শিক্ষকরাও
বাংলার শিক্ষক নিয়োগে ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন একই বিভাগের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববারও ঢাবি ক্যাম্পাসে শিক্ষামন্ত্রণালয়ের ওই গৃহীত প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে আগামী ২৭মার্চ সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে মুখে কালো ব্যাচ বেঁধে এই প্রস্তাবের প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে ইডেন কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে কলাভবনের সামনে বটতলায় গিয়ে শেষ হয়।
সমাবেশে ঢাবি বাংলা বিভাগের শিক্ষক উপল তালুকদার বলেন, "এই দাবি আমাদের যৌক্তিক দাবি। অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়কে তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হবে। আমার কোন বিভাগকে প্রতিপক্ষ মনে করছি না। আমরা আমাদের অধিকারের জায়গা থেকে আন্দোলন করছি।"
আন্দোলনে ঢাবি বাংলা বিভাগের সব শিক্ষকের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একাত্বতা ঘোষণা করেছেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।
ঢাবি বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্কের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাবির বাংলা বিভাগের উন্মেষ রায়, মইনুল ইসলাম, মাহবুব হোসেন, মাহবুব খান, জয়নাব শান্তু, মোহাম্মদ যোবায়ের ও এমদাদ হোসেন, ইডেন কলেজের আফরোজা অশ্রু এবং ঢাকা কলেজের মনির হোসেন প্রমুখ।
