কলারোয়ায় সংঘর্ষ, হিন্দু বাড়িঘরে হামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোট চলাকালে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের সংঘর্ষের পর একটি হিন্দুপাড়ায় বাড়িঘরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সাংবাদিকদের বলেন, ভোট চলাকালে বেলা ১২টার দিকে খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়া নিয়ে আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে তা ছড়িয়ে পড়ে পাশের হিন্দুপাড়ায়।
তিনি জানান, হামলাকারীরা অন্তত ১৫টি বাড়িঘর ভাংচুর করে এবং লোকজনের উপর হামলা চালায়।
তাদের বাধা দেওয়ায় মারপিটের শিকার হন হরেন দাস, সুবল দাস, ললিতা দাসী, কার্তিক দাস, বিশ্বনাথ দাস, লক্ষণ দাসসহ অন্তত ১০ জন।
পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে কলারোয়া থানার ওসি মুন্সী মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের জানান, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে জামাত-শিবির সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনায় জড়িতদের আটক করা হবে।
