২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের সেই শিশুটির আশ্রয় মুসলিম মিশনে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে যাওয়া আড়াই বছরের প্রতিবন্ধী মেয়ে শিশুটির ঠাঁই হলো মুসলিম মিশনে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের তত্বাবধানে হাসপাতাল থেকে পরিচয়হীন শিশুটিকে স্থানীয় মুসলিম মিশনে পাঠিয়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, ২/৪ দিনের মধ্যেই আদালতের নির্দেশে শিশুটিকে লালন পালনের উপযোগী কোনো স্থানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

শনিবার দুপুরে কে বা কারা আড়াই বছরের প্রতিবন্ধী শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের মেঝেতে গামছা পেতে শুইয়ে রেখে যায়। পাশে একটি ব্যাগে রেখে যায় কিছু পরনের কাপড়, খাবার ভর্তি ফিডার ও চিপস।

শিশুটির কান্না হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তত্বাবধায়কের নির্দেশে একজন আয়াকে সকাল পর্যন্ত দেখভালের দায়িত্ব দেওয়া হয়।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. ওমর ফারুক খান বলেন, শনিবার বিকালেই শিশুটি আমাদের নজরে এলে তাকে রাতে একজন আয়ার তত্বাবধানে রাখা হয়। রোববার ১১টার দিকে পুলিশের সহযোগিতায় ওই শিশুকে স্থানীয় মুসলিম মিশনে লালন পালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।