হুঁশিয়ারির পরও কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই
নির্বাচন কমিশন কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেও কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচনের চতুর্থ পর্বের ভোটগ্রহণ।
রোববার ৯১ উপজেলায় এ দফার ভোটে ১১ উপজেলার ৩২টি কেন্দ্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। সহিংসতায় মুন্সীগঞ্জের গজারিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার বরুড়া এবং ঝালকাঠীর রাজাপুরে নিহত হয়েছেন চারজন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলাকালে পটুয়াখালী সদর, মুন্সীগঞ্জের গজারিয়া, কুমিল্লার বরুড়া, কক্সবাজারের কুতুবদিয়া, ভোলার মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, ঝালকাঠী সদর, চট্টগ্রামের সাতকানিয়া, ঝিনাইদহের হরিণাকুণ্ডুসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা।
এই পর্বে ১ হাজার ১৮৬ জন প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বেছে নিতে ভোটার ছিলেন ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। তবে শেষ পর্যন্ত কতো শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি কমিশন।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বে ৯৭ উপজেলায় ৬২ দশমিক ৪৪ শতাংশ এবং দ্বিতীয় পর্বে ১১৬ উপজেলায় ৬৩ দশমিক ৩১ শতাংশ এবং তৃতীয় পর্বে ৮১ উপজেলায় ৬৪ শতাংশ ভোট পড়ে।
রোববার ৯৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে সুনামগঞ্জের জগন্নাথপুর ও শেরপুর সদর উপজেলার নির্বাচন স্থগিত হয়ে যায়।পঞ্চম পর্বে ৭৪ উপজেলায় ভোট হবে। দেশের ৪৮৭ উপজেলঅর বাকিগুলোয় মে মাসে ভোট হবে।
ভোটের আগের দিন শনিবার নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ব্যালট বক্স ছিনতাই করলে গুলি করা হবে।
চতুর্থ পর্বে ভোটের আগে যুক্তরাষ্ট্র থেকে সিইসির ই-মেইল পেয়ে নির্বাচন কমিশনাররা বৈঠক করে সহিংসতা ঠেকাতে সক্রিয় থাকার জন্য সশস্ত্র বাহিনীকেও চিঠি পাঠায়।
৪৮৭টি উপজেলার মধ্যে তিন পর্বে প্রায় ৩০০টিতে বিজয়ীর হিসেবে এগিয়ে থাকা বিএনপি নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করে আসছে। ইসির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাদের।
রোববার নির্বাচন চলাকালে ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ দখলে নেয়ার জন্য ক্ষমতাসীনরা সকাল থেকে আরো বেশি সহিংসতা ও তাণ্ডব চালিয়ে অনেক ভোট কেন্দ্র দখল করে নিয়েছে। এতে পুলিশ-র্যাব ও স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে।”
ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেয়া ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে বরিশাল, ভোলা ও ঝালকাঠীর পাঁচ উপজেলার নয় চেয়ারম্যান পদপ্রার্থী ভোট চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বরিশালের আগৈলঝড়ায় তিন প্রার্থীর বর্জনের ঘোষণার পাশাপাশি সোমবার উপজেলায় আধাবেলা হরতালও ডেকেছে বিএনপি।
চতুর্থ ধাপের ভোট তথ্য
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান- ৯১ উপজেলায় তিন পদে লড়াই করছেন এক হাজার ১৮৬ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১১ জন।
এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ৬৯ লাখ ৭ হাজার ৯৫৬ জন, নারী ৬৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।
ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৮৮৪টি, ভোটকক্ষ ৩৯ হাজার ৫১৬টি।
প্রিসাইডিং কর্মকর্তা প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৫ হাজার ৮৮৪ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রতি ভোটকক্ষের জন্য একজন করে মোট ৩৯ হাজার ৫১৬ জন। পোলিং কর্মকর্তার সংখ্যা ৭৯ হাজার ৩২ জন।
