ভোট বর্জন, হরতালের ঘোষণা
চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেয়া ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে বরিশাল, ভোলা ও ঝালকাঠীর পাঁচ উপজেলার নয় চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জণের ঘোষণা দিয়েছেন।
বরিশালের আগৈলঝড়ার তিন প্রার্থীর বর্জনের ঘোষণার পাশাপাশি সোমবার উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
ঝালকাঠী সদর, ভোলার দৌলতখান, মনপুরা ও তজুমদ্দিনে বিএনপি সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
আগৈলঝাড়া
ভোট কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার তিন চেয়ারম্যান প্রার্থী।
পুনর্নির্বাচনের দাবিতে সোমবার উপজেলায় আধা বেলা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
বর্জনকারী প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রফিকুন্নবী ভাট্টি।
রোববার বেলা ১১টার দিকে আলাদাভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।
এসএম আফজাল হোসেনের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোর্তুজা খানের কর্মী-সমর্থকরা তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়েছে এবং কেন্দ্র দখল করে মোর্তুজা খানের পক্ষে জাল ভোট দিয়েছে।
একই ধরনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী ও রফিকুন্নবী ভাট্টি।
উপজেলায় পুনরায় ভোটগ্রহণের দাবিতে সোমবার আগৈলঝাড়া উপজেলায় আধাবেলা হরতাল ডাকা হয়েছে বলে আফজাল হোসেন জানান।
ঝালকাঠী সদর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও কর্মীদের মারধরের অভিযোগ এনে ঝালকঠী সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হক এলিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে এই ঘোষণার পাশাপাশি উপজেলায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এনামুল হক এলিন বলেন, “সদর উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রে মধ্যে ৬৩টি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থী সুলতান হোসেনের সমর্থকরা তার নির্বাচনী এজেন্টেদের বের করে দিয়ে জাল ভোট দিয়েছে। বিএনপি নেতা-কর্মীদের মারধর করছে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভোলার ৩ উপজেলা
ভোলার দৌলতখান, মনপুরা ও তজুমদ্দিন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সকাল ১১টায় মনপুরা প্রেসক্লাবে বিএনপি সমর্থিত প্রার্থী সামসুদ্দিন বাচ্চু চৌধুরী, দৌলতখান বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী জহুরুল ইসলাম খুসবু ও বেলা পৌনে ১টায় তজুমদ্দিন বিএনপি কার্যালয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম বাছেত, বেলা ১টার দিকে নিজ ভবনে তজুমদ্দিন উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা মিন্টু সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তারা কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
