২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ড সংশোধনের দাবি সিইউজের

অষ্টম ওয়েজ বোর্ড সংশোধনের দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 05:56 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ছয় মাসেও গেজেটে অসঙ্গতিপূর্ণ ক্যাটাগরির আদল পরিবর্তন করা হয়নি। ঢাকার বাইরের আঞ্চলিক পত্রিকাগুলোর সাংবাদিকদের বৈষ্যম্যও দূর হয়নি।

সমাবেশ থেকে ‘আন্ডারগ্রাউন্ড’ পত্রিকা ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ বলেন, আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বৈষম্যে রেখে জাতীয়ভাবে উন্নতির চিন্তা সম্ভব নয়।

অধিকার আদায়ে অসঙ্গতিপূর্ণ অষ্টম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়নের জন্য কেন্দ্রঘোষিত কর্মসূচি অংশ নিতে আহ্বান জানান তিনি।

সিইউজে সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোশতাক আহমেদ, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, সিইউজে সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী,  চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসীন চৌধুরী, বিএফইউজের নির্বাহী সদস্য মো. ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী ও সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।