মিটফোর্ডে লিফটে রোগীর মৃত্যুর ঘটনায় দুজন বরখাস্ত
মিটফোর্ড হাসপাতালে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর ঘটনায় ওয়ার্ড মাস্টার ও লিফটম্যানকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সুলতানা বেগম নামে ওই গৃহবধূর মৃত্যুর পর তা নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে হাসপাতালের উপ-পরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শুক্রবার ঘটনা ঘটার সময় কর্মস্থলে না থাকায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. ইছহাক এবং লিফটম্যান মো. মাসুদকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
সুলতানা (৩৫) বুধবার পায়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে।
শুক্রবার বিকালে সুলতানাকে ইসিজি করাতে বলেন চিকিৎসক। তখন হাসপাতালের পাশের ভবনে গিয়ে ইসিজি করে ফেরার পথে মেডিসিন ভবনের ওপরে উঠতে লিফটে ওঠেন সুলতানা।
তার স্বজনরা জানান, মাঝ পথে লিফট বন্ধ হয়ে যায়। দুই/তিন মিনিট বন্ধ থাকায় অসুস্থ হয়ে পড়েন সুলতানা। এতে তার মৃত্যু হয়েছে।
ইউসুফ জানান, স্বাস্থ্য অধিদপ্তর এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ঢাকা বিভাগের পরিচালককে (স্বাস্থ্য) সভাপতি করা হয়েছে কমিটিতে। অন্য দুই সদস্য হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপ-পরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক।
