নারায়ণগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ।
শনিবার সকালে ও শুক্রবার রাতে পৃথক জায়গা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ফতুল্লার পশ্চিম দেওভোগের আউয়াল বেপারীর ছেলে শিপলু বেপারী (২৮) এবং কাশীপুর ফরাজীকান্দার মনির হোসেনের ছেলে শোয়েব হোসেন (২২)।
শনিবার সকালে দেওভোগ নাগবাড়ী এলাকার একটি ডোবায় শিপলুর লাশ পাওয়া যায় বলে জানান ফতুল্লা থানার পরির্দকশ (তদন্ত) সাইফুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার রাত থেকে শিপলু নিখোঁজ ছিলেন।
থানার উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, শিপলুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে শোয়েবের মামা নেয়ামত জানান, বুধবার গভীর রাতে একটি টেলিফোন পেয়ে শোয়ের বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
তিনি বলেন, শুক্রবার রাতে কাশীপুর আল হোসাইনী মার্কেট সংলগ্ন একটি পুকুর থেকে শোয়েবের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে একাধিক টিম মাঠে কাজ করছে।
