২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁড়ির অদূরে ধর্ষণের ঘটনা পুলিশ ‘জানে না’

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর নৌ-পুলিশ ফাঁড়ির অদূরে শুক্রবার রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শ্রীকৃষন্নদী গ্রামে মেয়েটির (১৬) প্রতিবেশী করম আলী শেখের ছেলে ইব্রাহীম শেখ (২২) এ ঘটনা ঘটায় বলে দাবি করছে মেয়েটির পরিবার।

এদিকে মেয়েটির বাড়ি থেকে একশ গজেরও কম দূরত্বে কবিরাজপুর নৌ-পুলিশ ফাঁড়ি অবস্থিত হলেও পুলিশ ঘটনাটি জানে না বলে দাবি করছে।

তরুণীর মা (নাম প্রকাশ করা হলো না) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যার পর শৌচাগারে যাওয়ার কথা বলে তার মেয়ে ঘরের বাইরে যান। এ সময় প্রতিবেশী ইব্রাহীম শেখ তাকে একা পেয়ে ধর্ষণ করে।

ওই সময় মেয়েটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে ইব্রাহিম পালিয়ে যায়। এরপর থেকে ইব্রাহিম এলাকার বাইরে।

বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে রাতেই মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান।

এ ব্যাপারে স্থানীয় কবিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতেই মেয়েটির বাবা, মা ও কয়েকজন প্রতিবেশী তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি ব্যস্ত থাকায় দুয়েকদিন পর সমঝোতা করে দেয়ার কথা বলেন।

এ ব্যাপারে কবিরাজপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, “ঘটনাটি আপনার কাছে প্রথম শুনলাম। আমি এর বেশি কিছু জানি না।”

এদিকে রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, “আমার কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।”