ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৮ দোকান
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে আটটি দোকান পুড়ে গেছে।
শনিবার ভোরে ফটিকছড়ি পৌরসভার হাতিরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মী মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সোয়া ৫টার দিকে ওই এলাকার একটি দোকানের রান্নার চুলা থেকে আগুনের সূচনা হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে সকাল ৭টার দিকে আগুন নেভায়।
আগুনে ফার্নিচার, রেস্তোরাঁসহ আটটি দোকানের প্রায় তিন লাখ টাকা মালামাল পুড়ে গেছে।
