চট্টগ্রামে গ্যাস পাইপে আগুন, ৩ শ্রমিক আহত
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে গ্যাস পাইপ সংস্কারের সময় আগুন লেগে তিন শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে এয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী প্রহ্লাদ সিংহ জানান।
আহত আমীর হোসেন (৩০), জীবন মিয়া (২০) ও আরজু হোসেনকে (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে আমীর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সনদধারী মেরামতকারী বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।
প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুকুমার রায়ের মালিকানাধীন মাদার সল্ট ইন্ডাস্ট্রিজের গ্যাস পাইপে সংস্কার কাজ চলার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে লবণ কারাখানাটির একটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
