গুলশান লেক পরিষ্কার করলো জাগো ফাউন্ডেশন
বিশ্ব পানি দিবসকে সামনে রেখে দুইদিনব্যাপী কর্মসূচির প্রথমদিনে রাজধানীর গুলশান লেকের পানি থেকে আবর্জনা পরিষ্কার করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচির প্রথমদিন শুক্রবার বিকাল ৪টা থেকে ২০০ স্বেচ্ছাসেবক গুলশান লেকের বনানী সেতু সংলগ্ন এলাকায় নৌকায় চড়ে লেকের পানি পরিষ্কার করে।
এছাড়া স্থানীয় মানুষের মধ্যে পানির ব্যবহারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে প্রচারণাও চালান স্বেচ্ছাসেবকরা।
জাগো ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা এমএন জেরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাগো ফাউন্ডেশন ও কোকাকোলা যৌথভাবে গত পাঁচ বছরের মতো এবারও বিশ্ব পানি দিবস পালন করছে।
১৯৯৩ সাল থেকে প্রতিবছর ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে পালন করছে জাতিসংঘ। এবছর ‘পানি ও শক্তি’ স্লোগানকে সামনে রেখে দিবসটি বিশ্বের নানাদেশ পালন করছে।
এমএন জেরিন জানান, জাগো ফাউন্ডেশনের দুদিনব্যাপী প্রচারাভিযানে দেশের ১৫টি জেলার ২০০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন, যারা দেশের ৫০টি ভিন্ন ভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রথমদিনের কর্মসূচিতে কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাদাব খান, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ এবং জনসংযোগ কর্মকর্তা এমএন জেরিন উপস্থিত ছিলেন।
রোববার জাগো ফাউন্ডেশনের উদ্যোগে চলবে ‘ডেঙ্গু হান্ট কর্মসূচি’।
ওইদিন ‘জাগো ফাউন্ডেশনের’ স্বেচ্ছাসেবীরা কড়াইল বস্তি এলাকায় দিনব্যাপী রাম্তায় ফেলে রাখা পানির বোতল, নারকেলের খোসা এবং ডেঙ্গু মশার উৎস ও বিস্তারের জায়গা খুঁজে বের করবে এবং তা পরিষ্কার করবে।
