দৌলতদিয়ায় দুইজনকে গুলি করে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা তীরের দৌলতদিয়া রেল স্টেশনের কাছে সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিন যুবক মোটর সাইকেলে করে এসে এই হত্যাকাণ্ড ঘটায়।
নিহতা হলেন- দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সালমী (৪০) এবং চাঁদ মিয়া (৪২) নামের এক ব্যাবসায়ী।
চাঁদ মিয়ার বাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দি এলাকায়। তার বাবার নাম আদম আলী ফকির। গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে তার একটি স্টিলের সামগ্রীর দোকান আছে।
ওসি বাসার জানান, একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে রেল স্টেশনের কাছে ওই দুজনকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অবস্থায় গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ গোয়ালন্দ হাসপাতালে রাখা হয়েছে। তবে এই হত্যাকণ্ডের কারণ জানাতে পারেননি ওসি।
