২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট-ঝালকাঠিতে মন্দিরে ভাংচুর-অগ্নিসংযোগ

বাগেরহাটের ফকিরহাটে একটি দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের এবং ঝালকাঠিতেও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

দুই জেলাতেই শুক্রবার ভোরে এসব ঘটনা দুর্বৃত্তরা ঘটনায় বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাটে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ

শুক্রবার ভোরে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া জমিদার বাড়ির পারিবারিক দূর্গা মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর ও কয়েকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

মন্দিরের পুরোহিত প্রদীপ ভট্টাচার্য্য জানান, সকাল সাড়ে ৮টার দিকে মন্দির থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

“পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানো হয়।”

দুর্বৃত্তরা মন্দিরের দূর্গা, অসুর, সিংহ ও মহিষের প্রতিমা ভাংচুর এবং লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক গনেশসহ অন্য কয়েকটি প্রতিমায় অগ্নিসংযোগ করেছে।

সকালে ঘটনাস্থলে যান বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা।

মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, “ভোরের কোন এক সময়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।”

মন্দিরটি ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ তার বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান মন্দিরের আরেক প্রবীণ পুরোহিত রবীন ভট্টাচার্য্য।

এটিতে শত বছরের পুরনো দাবি করে তিনি বলেন, “শৈলেন্দ্রনাথ আমার বাবাকে মন্দিরের পুরোহিত হিসেবে নিয়োগ করেছিলেন।

“দেশভাগের আগে জমিদার স্বপরিবারে দেশত্যাগ করলেও আমরা এখনো মন্দিরে পূজা-অর্চনা করছি।”

ঝালকাঠিতে মন্দিরে অগ্নিসংযোগ

এদিকে, শুক্রবার ভোরে ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউপির সাবাঙ্গাল গ্রামে দশরথ রায়ের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দশরথ রায় বলেন, “ভোরে ঘরের পাশে সর্বজনীন হরি মন্দিরে আগুনের শিখা দেখতে পাই। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলি।”

আগুনে মন্দিরটির চালসহ দেবতার ছবি ও প্রতিমার অনেকটাই পুড়ে গেছে বলে জানান তিনি।

তার দাবি আগামী ২৩ মার্চ সদর উপজেলায় নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে সমর্থকরা তাদের ভোটদান থেকে বিরত রাখতে হুমকি দিচ্ছে তারাই এ ঘটনা ঘটাতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা না হলেও সদর থানার ওসি শীলমনি চাকমা বলেন, “মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”