সাভার-জয়পুরহাটে অস্ত্রসহ আটক ২
ঢাকার সাভার ও জয়পুরহাটের পাঁচবিবিতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ ও র্যাব।
সাভার মডেল থানার এসআই আবুল হাশেম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাকুর্তা ইউনিয়নের মোগরাকান্দা এলাকা থেকে আবু বকর (২৯) নামে ওই যুবককে আটক করা হয়।
“পরে তার শরীর তল্লাসি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।”
আটক আবু বকর ওই এলাকার হজরত আলীর ছেলে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
এদিকে র্যাবের জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর আবদুর রহিম জানান, ‘অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে তারা বৃহস্পতিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার দানেপুর গ্রামে অভিযানে যান।
“সেখান থেকে অস্ত্র ব্যবসায়ী আবু তাহেরকে একটি বিদেশি পিস্তল, গুলি ও একটি ম্যাগজিনসহ হাতেনাতে আটক করা হয়।”
আটক তাহের গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।
