২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকযুদ্ধে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহতের ঘটনায় ৩ মামলা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চিহ্নিত এক ইয়াবা ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 03:43 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার সকালে র‌্যাবের পক্ষ থেকে টেকনাফ থানায় অস্ত্র, মাদক ও আইন শৃঙ্খলা-বাহিনীর উপর হামলা অভিযোগে এসব মামলা করা হয় বলে ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

তিন মামলার আসামির তালিকায় নিহত নূর মোহাম্মদের ভাইসহ মোট আট জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন আরো সাত জন।

এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন- নূর মোহাম্মদের ভাই নূরুল কবির, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার শাহ আলম, দক্ষিণ জালিয়াপাড়ার জোবাইর, হ্নীলার সিকদার পাড়ার আনোয়ার, রোস্তম, ইসমাইল, ফুলের ডেইল এলাকার দেলোয়ার ও বাবুল।

বৃহস্পতিবার বিকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীর জালিয়ারদিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নূর মোহাম্মদ নিহত হয়।

রাব বলছে, নূর মোহাম্মদ একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বিদেশি পিস্তল, গুলি ও তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানিয়েছে র‌্যাব।

ওসি রণজিত কুমার বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নূর মোহাম্মদ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত