২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পিকনিকের বাস, আহত ২৬

সাভারের আশুলিয়ায় ট্রাকের সঙ্গে একটি পিকনিকের বাসের সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 12:07 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নয়ারহাটের বেলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের সবাই পিকনিকের বাসের আরোহী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠান। এদের মধ্যে চারজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাংলাদেশ-ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ঢাকা মহানগর শাখা এবং বরাক এডুকেশন সাপোর্ট ট্রাস্টের সদস্যরা বাসটিতে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি সংগঠনের সদস্যরা ওই বাসে করে পিকনিকে যাচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলেন।

ঢাকা মেডিকেলে আসা চার শিক্ষার্থী হলেন- মিলন ত্রিপুরা (২১), ডেভিড ত্রিপুরা (১৯), জেবা ত্রিপুরা (২০) ও জেন ত্রিপুরা (২১)।

তাদের মধ্যে জেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।