মান নিয়ন্ত্রণ সংস্থায়ই ‘অনিয়ম’
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটেই (বিএসটিআই) সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতি হয় বলে অভিযোগ করেছে টিআইবি।
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন দুর্নীতিবিরোধী এই প্রতিষ্ঠানের গবেষক শাহনুর রহমান।
টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল এবং নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শাহনুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিএসটিআই এবং কাস্টমস কর্তৃপক্ষের ওপর গবেষণা চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপদ খাদ্য ব্যস্থাপনায় এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় বিএসটিআইয়ে।
ছোট এবং মাঝারি খাদ্য কারখানা পরিদর্শনের সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা ন্যূনতম পাঁচ থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা ঘুষ নিলেও বড় কারখানার ক্ষেত্রে ঘুষের কোনো সীমা নেই, বলেন সুলতানা কামাল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটা সফস্টিকেটেড বিষয়, এখানে নির্দিষ্ট কোনো টাকার পরিমাণ বলা মুশকিল। তবে এই ঘুষের টাকার পরিমাণ অনেক বেশি।”
কোন কোন প্রতিষ্ঠান থেকে ঘুষ নেয়া হয়েছে তা জানাতে অপরাগতা প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, “আমাদের গবেষণা প্রতিবেদনে আমরা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করি না, কারণ এটা আমাদের নীতিবিরুদ্ধ।”
এদিকে, টিআইবির এ প্রতিবেদনকে 'বিভ্রান্তিকর' বলে মন্তব্য করেছেন বিএসটিআইয়ের পরিচালক কমল দাশ।
তিনি বলেন, “কেউ যদি নিজের ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু করে, তা দুর্ভাগ্যজনক। আমরা যদি অভিযোগ না পাই তাহলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো উপায় থাকে না।”
এজন্য তিনি সুনির্দিষ্ট অভিযোগ আনার আহ্বান জানিয়েছেন।
