২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ অস্পষ্ট’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 12:05 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বৃহস্পতিবার নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী মিজানুল ইসলাম।

এদিন নিজামীর বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগের মধ্যে ১২টির ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি।

মিজানুল ইসলাম নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা সংক্রান্ত ১৬তম অভিযোগ বিষয়ে বলেন, প্রসিকিউশনের এ অভিযোগে নির্দিষ্ট কোনো ঘটনার বর্ণনা নেই। এমনকি এই অভিযোগ গঠনও সঠিকভাবে হয়নি।

“এই অভিযোগে তদন্ত কর্মকর্তা কোনো রিপোর্ট দাখিল করেননি। তাছাড়া বুদ্ধিজীবী হত্যার বিষয়ে তৎকালীন পাকিস্তান সামরিক বাহিনীর জেনারেল, ঠাণ্ডা মাথার খুনি হিসেবে পরিচিত রাও ফরমান আলীর ‘চিরকুট’টি দাখিল করা হয়নি।”

তিনি বলেন, ১৯৭১ সালে সাংবাদিকতা পেশার সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন। তারা বুদ্ধিজীবী হত্যার বিষয়টি ভাল জানেন, অথচ এই অভিযোগে কোনো সাংবাদিককে সাক্ষী করা হয়নি। সব মিলিয়ে এ অভিযোগটি ‘অস্পষ্ট’।

৯ নম্বর অভিযোগের ওপর প্রসিকিউশনের ষোড়শ সাক্ষীর জবানবন্দিকে কাল্পনিক, মিথ্যা এবং অবাস্তব বলে দাবি করেন বিষয়ে মিজানুল।

নিজের বক্তব্যের পর তিনি জানান, ১১ থেকে ১৪ নম্বর অভিযোগে এবং মামলার আইনি দিক নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন অন্য আইনজীবী তাজুল ইসলাম।

এরপর আগামী রোববার পর‌্যন্ত শুনানি মুলতবি করে ট্রাইব্যুনাল।

সাবেক জোট সরকারের মন্ত্রী নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।

২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে একটি মামলায় গ্রেপ্তার করার পর একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গত বছর ১১ ডিসেম্বর জামায়াতের আমিরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নেয়।